নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
সাম্প্রতিক দাবিতে ছড়াচ্ছে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিও

সাম্প্রতিক দাবিতে ছড়াচ্ছে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিও

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়াচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, যশোরের সীমাখালী বাজার এলাকায় ভোররাতে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, একাধিক পুরোনো ভিডিও থেকে খণ্ডিত অংশ নিয়ে সম্পাদনা করে বানানো হয়েছে আলোচিত ভিডিওটি।

ফেসবুকে “নিউক্লিয়াস ৭১” নামের পেজ থেকে ২২ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “ভোররাতে যশোরের সীমাখালী বাজার এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাং’চুর করে দুর্বৃত্তরা। পুরো এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা।”

ভিডিওর ভেতরে নিচে ডানে লেখা “সীমাখালী, যশোর” এবং তারিখ হিসেবে “১১ ফেব্রুয়ারি, ২০২৬” উল্লেখ করা। ভিডিওতে দেখা যায়, একটি বাসে আগুন জ্বলছে। একটি দৃশ্যে জ্বলন্ত বাসের পেছনে “ল্যাবএইড” লেখাটি দেখা যায়।

সাম্প্রতিক দাবিতে ছড়াচ্ছে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিও
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর স্ক্রিনশট।

ফেসবুকের একাধিক (, , , , , , ) ব্যক্তিগত প্রোফাইল, পেজ এবং গ্রুপ থেকে একই দাবিতে ভিডিওটি প্রচার করতে দেখা যায়। 

ভিডিওটির সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে চ্যানেল ওয়ান নিউজের ইউটিউব চ্যানেলে গত বছরের ১০ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও সামনে আসে। ভিডিওর শিরোনাম এবং বিস্তারিত বিবরণে লেখা, “রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন।”

২ মিনিট ২৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওর খণ্ড খণ্ড অংশ কেটে, সম্পাদনা করে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রচার করা হচ্ছে। এই খণ্ডিত অংশগুলোর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে। বিশেষত ইউটিউবের ভিডিওতেও জ্বলন্ত বাসের পেছনে ল্যাবএইড হাসপাতালের সাইনবোর্ড দেখা যায়। 

অধিকতর যাচাইয়ে এ বিষয় নিয়ে একাধিক (, , ) সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। প্রথম আলোর ২০২৫ সালের ১০ নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “রাতে মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বাসে আগুন।”

সাম্প্রতিক দাবিতে ছড়াচ্ছে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিও
ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ (বামে) এবং মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট (ডানে)।

প্রতিবেদনে বলা হয়, “সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা শিহাব সরকার প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেছে।”

ছড়িয়ে পড়া ভিডিওর ১৪ সেকেন্ডে ভিন্ন একটি বাসে আগুন জ্বলতে দেখা যায়। বাসের পেছনে “রাইদা” লেখা দেখা যায়। ভিডিওটির এ অংশ রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৫ সালের ১১ নভেম্বরে একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামনে আসে।

ভিডিওটির শিরোনাম এবং বিস্তারিত বিবরণে লেখা, “মধ্যরাতে যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালের সামনে বাসে আগুন।” ১ মিনিট ২৪ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ৩০ সেকেন্ড থেকে ৪০ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

অধিকতর যাচাইয়ে এ বিষয় নিয়ে একাধিক (, , ) সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। যমুনা টিভির ২০২৫ সালের ১০ নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “মধ্যরাতে রাজধানীতে বাসে আগুন।”

সাম্প্রতিক দাবিতে ছড়াচ্ছে বাসে অগ্নিসংযোগের পুরোনো ভিডিও
ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ (বামে) এবং মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট (ডানে)।

প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে রাজধানীতে কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রাইদা পরিবহনের দুইটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে। প্রতিবেদনগুলোতে ব্যবহৃত বাসের ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির বাসের মিল রয়েছে। 

অর্থাৎ, বাসে অগ্নিসংযোগের একাধিক পুরোনো ভিডিওকে সম্পাদনা করে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে। 

আরো কিছু লেখা