
বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে, এমন দাবিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়াতে দেখা গেছে নির্বাচনের আগের রাতে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, বগুড়া-৬ (সদর) আসনের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছিলেন জামায়াতে ইসলামীর নেতা।

ফেসবুকে “ভয়েজ অব শিবির” নামের একটি পেজ থেকে গত ১২ ফেব্রুয়ারি একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “বগুড়ায় বিএনপির কেন্দ্র দখলের চেষ্টা,সেনাবাহিনীর এ্যাকশন।” ২ মিনিট ৭ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে সেনাবাহিনীর অভিযানে একাধিক ব্যক্তিকে পালাতে দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ২৫ হাজারের বেশিবার দেখা হয়েছে। ফেসবুকের একাধিক (১, ২, ৩, ৪, ৫, ৬) প্রোফাইল, পেজ, গ্রুপ থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।
সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম দেশ টিভির ইউটিউব চ্যানেলে ১২ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর শিরোনাম এবং ক্যাপশনে লেখা, “বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতাসহ আটক ২, মুচলেকা দিয়ে মুক্তি।” ভিডিওতে দেখানো দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। একাধিক (১, ২, ৩) গণমাধ্যমের ভিডিও প্রতিবেদনেও একই দৃশ্য দেখা যায়।

একাধিক (১, ২, ৩) গণমাধ্যম ঘটনাটি নিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। ১২ ফেব্রুয়ারি দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “বগুড়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোট কেন্দ্র থেকে জামায়াত নেতা আটক।” প্রতিবেদনে বলা হয়, “বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২ নাম্বার ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি নাসিরুল ইসলামকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ জানুয়ারি) রাত ১০ টার দিকে তাকে আটক করা হয়। আটক নাসিরুল বৃন্দাবনপাড়া এলাকার আ: রহিমের ছেলে।”
অর্থাৎ, বিএনপির কেন্দ্র দখলের দাবিতে ছড়িয়েছে জামায়াত কর্মীদের আটক অভিযানের ভিডিও।