
কখনো দাবি করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি আবদুর রশিদ জিতু পাঁচ লাখ টাকার বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন। কখনো বলা হচ্ছে তারেক রহমান বলেছেন, ৯০% ভোট দাঁড়িপাল্লায় পড়লেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানার্থে বিএনপিকেই সরকার গঠনের ঘোষণা দিতে হবে। আবার ছাত্রদলের আবিদুল ইসলাম খানের বক্তব্য দাবিতে বলা হচ্ছে, মুচলেকা দেওয়া নেতা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়ানো বেশ কিছু ফটোকার্ডে দেখা যাচ্ছে এমন সব দাবি। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, প্রচারিত সবগুলো ফটোকার্ডই ভুয়া।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ফুলেল সংবর্ধনা দিয়ে তাকে স্বাগতম জানানো হয়।
ফেসবুকে একাধিক (১, ২) গ্রুপ থেকে সেই ছবিটি ব্যবহার করে সমকাল সংবাদমাধ্যমের অনুকরণে বানানো একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। ক্যাপশনে লেখা, “বর্তমানে কুত্তার দামও ৫ লাখ টাকার বেশি..” ফটোকার্ডের ভেতরে লেখা, “পাচ লাখ টাকার বিনিময়ে জাকসু ভিপি জিতু যোগ দিলেন বিএনপিতে” (বানান অপরিবর্তিত)।
ছড়ানো ফটোকার্ডের উপরে বামপাশে সমকালের ভেরিফায়েড লোগো দেওয়া। লোগোর ঠিক পাশেই “শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬” উল্লেখ করা। ডানদিকে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটিতে ১৩টি প্রতিক্রিয়া দেখা গেছে।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে সংবাদমাধ্যম সমকাল- এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের ৬ ফেব্রুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। তবে একই ছবি ব্যবহার করে সমকাল “জাকসু ভিপি জিতু যোগ দিলেন বিএনপিতে” শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করে।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সমকালের অনলাইনের ইনচার্জ গৌতম মণ্ডল ডিসমিসল্যাবকে নিশ্চিত করেছে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন তারা প্রকাশ করেনি।
অর্থাৎ, সমকালের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।
আসন্ন ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এক সমাবেশে বলেছেন, ৯০% ভোট দাঁড়িপাল্লায় পড়লেও বেগম খালেদা জিয়ার সম্মানার্থে বিএনপিকেই সরকার গঠনের ঘোষণা দিতে হবে। ফেসবুকে দৈনিক কালের কণ্ঠ সংবাদমাধ্যমের অনুকরণে বানানো একটি ফটোকার্ডে এমন বার্তা লিখে ছড়ানো হচ্ছে। তবে ফ্যাক্টচেকে দেখা গেছে, এমন কোনো ফটোকার্ড দৈনিক কালের কণ্ঠ প্রকাশ করেনি।
ফেসবুকে একটি গ্রুপ থেকে গত ৩রা ফেব্রুয়ারি তারেক রহমানের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। কার্ডের ভেতরে লেখা, “নির্বাচনও হবে, ৯০% ভোট দাঁড়িপাল্লায়ও পড়বে ঠিকি, কিন্তু আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানার্থে আমার দল বিএনপিকেই সরকার গঠনে ঘোষণা দিতে হবে- তারেক রহমান” (বানান অপরিবর্তিত)।
ফটোকার্ডের ডান দিকে দৈনিক কালের কণ্ঠের লোগো আছে। উপরে বামপাশে তারিখ হিসেবে ২ ফেব্রুয়ারি, ২০২৬ লেখা। কার্ডের মাঝে নীল ব্যাকগ্রাউন্ডে কালের কণ্ঠ, নিচে বামপাশে বিস্তারিত লিংকে লেখা এবং ডানপাশে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ৯৫ বার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া দেখানো হয়েছে এক হাজার ১০০টি এবং মন্তব্য করা হয়েছে ৩৪৬টি। একজন ব্যবহারকারী লিখেছেন, “আজ একজনকে দেখলাম মা কে দিয়ে ব্যাবসায় নামছে।😏”। আরেকজন মন্তব্য করেছেন, “নেতা কোটা না মেধা।”। ফেসবুকের আরেকটি গ্রুপ থেকেও একই ফটোকার্ড প্রচার করা হয়েছে। সে পোস্টে ৭৬৬টি প্রতিক্রিয়া দেখানো হয়েছে, শেয়ার করা হয়েছে ৪১ বার। ১২১টি মন্তব্যও আছে।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে দৈনিক কালের কণ্ঠের অফিশিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে গত ২ ফেব্রুয়ারির ফটোকার্ড, পোস্ট ও সংবাদ প্রতিবেদনগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। তবে সমাবেশে বক্তৃতা প্রদানকালীন তারেক রহমানের আরেকটি ছবি সম্বলিত একটি ফটোকার্ড প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। যেখানে লেখা আছে,”যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান”।
ফটোকার্ডটি সম্পর্কে আরও নিশ্চিত হতে দৈনিক কালের কণ্ঠের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির অনলাইন ইনচার্জ সাকিব সিকান্দার জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি তাদের নয়।
অর্থাৎ, দৈনিক কালের কণ্ঠের নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।
“মুচলেকা দেয়া নেতা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না” এমন বার্তা দিয়ে আমার দেশের লোগোযুক্ত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড দৈনিক আমার দেশ প্রকাশ করেনি।
ফেসবুকে একাধিক (১, ২) গ্রুপ থেকে গত ০৪ ফেব্রুয়ারি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খানের ছবিযুক্ত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। সে ফটোকার্ডে লেখা, “মুচলেকা দেয়া নেতা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। – আবিদুল ইসলাম খান” (বানান অপরিবর্তিত) ।
কার্ডের উপরে আমার দেশ পত্রিকার লোগো দেওয়া। কার্ডের নিচে বামপাশে সংবাদমাধ্যমটির ওয়েবসাইটের ঠিকানা দেওয়া। অন্য পাশে তারিখ হিসেবে “০৪ ফেব্রুয়ারি ২০২৬” লেখা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি ৪৪২ বার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া দেখানো হয়েছে ১ হাজার ৪০০টি। ব্যবহারকারীরা মন্তব্য করেছেন ১৩১টি। একজন ব্যবহারকারী লিখেছেন, “এতো দিন পরে আমাদের আদু ভাইদের সঠিক জ্ঞান আসছে আল্লাহ্ রহমত নাজির হলো।।।।”। আরেকজন মন্তব্য করেছেন, “সত্য কখনো চাপা থাকে না”।

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে আমার দেশ পত্রিকার অফিশিয়াল ফেসবুক পেজের ০৪ ফেব্রুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। নির্দিষ্ট এই তারিখে এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। তবে একই ছবি ব্যবহার করে “মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার সুযোগ নেই” লেখা একটি ফটোকার্ড প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার দেশ পত্রিকার সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনাম জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি আমার দেশ পত্রিকার নয়।
অর্থাৎ, আমার দেশ পত্রিকার নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া।