
সামাজিকমাধ্যম ফেসবুকে দাবি করা হচ্ছে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে, ভোটের পর চাঁদাবাজি করতে।তবে ডিসমিসল্যাব ফ্যাক্টচেক করে দেখেছে, বিএনপির এই প্রার্থী আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য বললেও নির্বাচনের পর চাঁদাবাজি করতে বলেননি।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ৭ ফেব্রুয়ারি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডের ভেতরে লেখা, “দয়া করে তোমরা ১২ তারিখের পর্যন্ত চাদাবাজি করিও না, ভোটের পর করিও : বিএনপি প্রার্থী।” ফটোকার্ডের উপরে বামে “টপ নিউজ” এবং ডানে তারিখ হিসেবে “৭-২-২৬” উল্লিখিত আছে। পোস্টের ক্যাপশনে বলা হয়, “ভোট পর্যন্ত চাদাবাজি না করার নীতিগত সিদ্ধান্ত বিএনপির…।”

গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। ফটোকার্ডে সেই উদ্বোধনী অনুষ্ঠানের একটি ছবি দেখা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ১৮৬ বার শেয়ার করা হয়েছে।
দাবির সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কিওয়ার্ড সার্চ দিলে ইউটিউবে এম টিভি নিউজের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন ছিল, “আনোয়ারায় ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের।” ১ মিনিট ৩১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ৪৫ সেকেন্ড থেকে বিএনপি প্রার্থীকে বলতে শোনা যায়, “এখানে ভীষণ ভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাব আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাত জোড় করে বলছি এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না এবং এই বিএনপির গায়ে কালিমা লেখার জন্য কেউ যদি প্রচেষ্টা করে কাউকে ছাড় দেওয়া হবে না।”

ইউটিউবে একাধিক (১, ২, ৩, ৪, ৫, ৬) শর্টস পাওয়া যায় যেখানে সরওয়ার নিজামকে এই বক্তব্য দিতে দেখা যায়।

অধিকতর যাচাইয়ে এ বক্তব্য নিয়ে একাধিক (১, ২, ৩, ৪, ৫, ৬) সংবাদ মাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। ৭ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “বিএনপির প্রার্থী বললেন, দয়া করে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না”। প্রতিবেদনে বলা হয়, “চট্টগ্রাম–১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে চাঁদাবাজদের প্রতি অনুরোধ জানিয়েছেন। গতকাল শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় এ অনুরোধ জানান তিনি।” প্রতিবেদনে আরও বলা হয়, “ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, এই চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। আনোয়ারার হেডকোয়ার্টার হলো এটি এবং একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা–বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। সরওয়ার জামাল নিজাম আরও বলেন, ‘এখানে নৈরাজ্য, সন্ত্রাস ও চাঁদাবাজি চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যাঁরা চাঁদাবাজি করছেন, দুই হাত জোড় করে বলছি, ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’ বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।”
এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। তিনি ডিসমিসল্যাবকে জানান, “আমার বক্তব্য আমি জানি। আমি বলছি যে, নির্বাচন পর্যন্ত শান্ত থাকেন এবং বিএনপির গায়ে কোনো কালিমা লেপা যাবে না। কালকেই বলছি আমি। আমার মনে আছে কী বলছি।”
অর্থাৎ, সম্পূর্ণ ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম নির্বাচনের পর চাঁদাবাজি করতে বলেননি।