সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
Factcheck Bangladesh Army Recovers weapons

ফরিদপুরে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের ছবিটি এআই দিয়ে তৈরি

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

নির্বাচনের আগে ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে- এমন দাবিতে একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলেও ছড়ানো পোস্টে ব্যবহৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

ফেসবুকে রাজু ভাই নামের একটি পেজ থেকে আজ (১১ ফেব্রুয়ারি) একটি ছবি (আর্কাইভ লিংক) পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, একটি পুকুরের পাড়ে অনেক অস্ত্র এবং কাচের বোতল সাজিয়ে রাখা হয়েছে। চারপাশে সেনাবাহিনীর অনেক সদস্যকে দেখা যাচ্ছে। 

রাজু ভাই নামের ফেসবুক পেজ থেকে শেয়ার করা এআই দিয়ে তৈরি ছবি।

পোস্টের ক্যাপশনে লেখা, “নির্বাচনের মাত্র কয়েক ঘণ্টা বাকি।ঠিক সেই মুহূর্তে ফরিদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র।নির্বাচনের প্রাক্কালে এমন চাঞ্চল্যকর উদ্ধার নতুন করে প্রশ্ন তুলেছে—কারা জমা করেছিল এই অস্ত্র? কী উদ্দেশ্যে?আইনশৃঙ্খলা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে সম্ভাব্য অস্থিরতা এড়ানো গেছে বলেই মনে করছেন সচেতন মহল।এখন সবার প্রত্যাশা একটাই— শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।  জিতুক গণতন্ত্র, পরাজিত হোক সহিংসতা।’’(লেখা অপরিবর্তিত) 

এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত ছবিটি সাড়ে তিন হাজারের অধিক শেয়ার করা হয়েছে এবং পোস্টে ১৭ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। 

ঘটনার উৎস যাচাইয়ে বিভিন্ন কিওয়ার্ড সার্চে একাধিক গণমাধ্যমে (, , , )) প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, “গত ৭ ফেব্রুয়ারি সদর উপজেলার কানাইপুর বাজারের পাশে আখ সেন্টার এলাকায় পুকুরের পানিতে ডুবিয়ে রাখা স্কচটেপে মোড়ানো ৪টি পিস্তল, ১৮টি গুলিসহ দুই শতাধিক দেশি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।’’

ছবিতে দৃশ্যমান অস্ত্রগুলোর সামনে রাখা নামের লেখায় অসামঞ্জস্যতা দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির সত্যতা যাচাইয়ে গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল “সিন্থ-আইডি” (SynthID) ব্যবহার করে ডিসমিসল্যাব।

গুগলের বিশেষায়িত সিন্থ-আইডি টুলের ওয়াটারমার্ক বিশ্লেষণ (সূত্র-তৌসিফ আকবর, সিনিয়র ফ্যাক্টচেকার, বুম বাংলাদেশ)।

এই টুলটি ছবির ডিজিটাল ওয়াটারমার্ক বিশ্লেষণ করে ভিজ্যুয়াল ফলাফল প্রদর্শন করে থাকে। পরীক্ষায় ছবিটি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থিতির প্রমাণ মেলে। সেখানে টুলের শনাক্তকরণের আত্মবিশ্বাস মাত্রা বা ‘কনফিডেন্স লেভেল’ ছিল ‘খুবই উচ্চ’ (Very High)। ফলাফলের হিটম্যাপে সেনাসদস্য, সাজিয়ে রাখা অস্ত্র, গাড়ি এবং পুকুরের দৃশ্যপটের সিংহভাগ অংশকেই নীল রঙের গ্রিড দিয়ে চিহ্নিত করা হয়েছে। সিন্থ-আইডির পরিভাষায় যার মানে হলো, ছবিটির বেশিরভাগ অংশগুলো গুগল এআই টুলস ব্যবহার করে কৃত্রিমভাবে তৈরি।

অর্থাৎ, ফরিদপুরে পুকুর থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে প্রচারিত এই ছবিটি এআই দিয়ে বানানো হয়েছে।

আরো কিছু লেখা