
ইরানের মিসাইল হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন— এই দাবিতে একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ডিসমিসল্যাব ছড়িয়ে পড়া অন্তত পাঁচটি ছবি শনাক্ত করতে পেরেছে যেগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

সম্প্রতি ফেসবুকে বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ছবি শেয়ার করে লেখা হয়েছে— “ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হা/ম/লা/য় নেতানিয়াহু নিহত”। ছবিতে ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে দেখা যায় ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রীকে। লক্ষ করলে দেখা যায়, পেছনে এক ভবনের দোকানের নাম বাংলায় লেখা “সিমেন্ট ও রড”। এর সামনে কয়েকজন নারী-পুরুষের একটি জটলা, যাদের পোশাক সাধারণ ইসরায়েলিদের মতো নয়।
ধ্বংসস্তূপের নিচ থেকে নেতানিয়াহুকে উদ্ধার করা হচ্ছে এরকম আরেকটি ছবি ছড়িয়ে পড়েছে একই দাবিতে। একজন উদ্ধারকর্মীর হেলমেটে দেখা যায় ইসরাইলের পতাকা। মন্তব্যে দেখা যায়, এই সংবাদে সন্তুষ্টি জানাচ্ছেন অনেকে।
তাছাড়া টুয়েলভ মায়া বিনোদন নামে এক ফেসবুক পেজ থেকে নেতানিয়াহু নিহত হওয়ার দাবিতে একাধিক ছবি পোস্ট করা হয়েছে। ধ্বংসস্তূপে তাঁর পড়ে থাকার (১, ২) কিংবা উদ্ধারে ছবি পোস্ট করা হয়েছে এই পেজ থেকে। দ্য জেরুজালেম পোস্টের বরাতেও ক্যাপশনে মৃত্যুর সংবাদ দিতে দেখা গেছে।
এই পেজের ছবিগুলো অর্ধশত থেকে শুরু করে পাঁচশতবারের বেশি শেয়ার করা হয়েছে। এ খবরে পোস্টের শত শত মন্তব্যে সন্তুষ্টি জানাতে দেখা যায়। পেজটি তাদের সকল কন্টেন্টকে বাস্তব নয় বলে জানালেও তা বাস্তব বলে ধরে নিচ্ছেন বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী।
ছবিতে অসঙ্গতি নজরে আসার পর ছবির সত্যতা যাচাইয়ে, গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল “সিন্থ-আইডি” (SynthID) ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরি কি না জানতে চাওয়া হয়। জেমিনির সিন্থ-আইডি ফিচার জানায়, পাঁচটি ছবির সম্পূর্ণ বা বেশিরভাগ অংশই গুগলের এআই মডেল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন ও এআই অর নট দিয়ে যাচাই করেও দেখা গেছে সবকয়টি ছবিই এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল।
ইসরাইল ভিত্তিক গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টেও বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হওয়ার কোন সংবাদ প্রকাশিত হয়নি।
অর্থাৎ, ইরানের মিসাইল হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হওয়ার দাবিতে ছড়িয়ে পড়া এই ছবিগুলো এআই দিয়ে তৈরি।
প্রসঙ্গত, গত ২ মার্চ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর দশম ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয় ‘গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের সংবাদসংস্থা মেহের নিউজ এজেন্সি তাদের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে হামলার বিষয়টি জানায়। তবে ২ মার্চে প্রকাশিত প্রতিবেদনে ইসরায়েল কর্তৃপক্ষের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্যদিকে সম্প্রতি একাধিক ভিডিও প্রতিবেদনে (১, ২) ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি স্থান পরিদর্শন করতে দেখা গেছে নেতানিয়াহুকে।
ইরান-ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে পূর্বেও একাধিক এআই নির্মিত কন্টেন্টের ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।