
সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ৫৫ লক্ষ প্রবাসী পোস্টাল ভোট বিডি অ্যাপে ভোটার হয়েছেন বা নিবন্ধন করেছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, আসন্ন নির্বাচন ও গণভোটে ভোট দিতে অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। আর ভোটপ্রদান সম্পন্ন করেছেন সাড়ে চার লাখের বেশি নাগরিক।
ফেসবুকের একাধিক ভিডিও (১, ২, ৩, ৪) ও লিখিত পোস্টে একই দাবি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, “আলহামদুলিল্লাহ সুখবর হচ্ছে ৫৫ লক্ষ প্রবাসী ভোটার নিবন্ধন করেছে, তারমধ্যে ৫০ লক্ষ প্রবাসী ভোটার দাড়িপাল্লায় ভোট দিবেন।” একই দাবিতে ইউটিউবে শর্টসও ছড়াতে দেখা গেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ৩১ সেকেন্ডের ভিডিওতে এক ব্যক্তি বলছেন, পোস্টাল ভোট বিডিতে প্রবাসীরা এত পরিমাণ সাড়া দিয়েছে যে সর্বমোট ৫৫ লক্ষ প্রবাসী ভোটার হয়েছে। এর মধ্যে ৫০ লক্ষ ভোটার দাঁড়িপাল্লায় ভোট দেবেন যার মধ্যে তিনি নিজেও একজন। এই ভিডিওটি এখন পর্যন্ত ৭০ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং ১৩ হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে।
ছড়িয়ে পড়া দাবির সত্যতা যাচাইয়ে এবং পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রকৃত নিবন্ধিত ভোটারের সংখ্যা জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের “পোস্টাল ভোটিং আপডেট” অংশ খুঁজে দেখে ডিসমিসল্যাব। ৩১ জানুয়ারি ২০২৬ তারিখের সন্ধা ৬টা পর্যন্ত হালনাগাদ করা তথ্য যাচাইয়ে দেখা যায়, নির্বাচন ও গণভোটে ভোট দিতে দেশ ও প্রবাস মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। আর এখন পর্যন্ত ভোট দিয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৪৭৩ জন।

পোস্টাল ভোট বিডি রিপোর্টের দেশভিত্তিক নিবন্ধন যাচাইয়ে দেখা যায়, দেশ থেকে নিবন্ধনকারীর সংখ্যা ৭ লাখ ৬১ হাজার ১৩৮জন। বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের নিবন্ধন সংখ্যা বাদ দিলে প্রবাসী নিবন্ধনকারীর সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪৬ জন।
অর্থাৎ, ৫৫ লাখ প্রবাসী ভোটার হয়েছেন বা নিবন্ধন করেছেন দাবিতে ছড়ানো তথ্যটি ভুয়া, দেশ ও প্রবাস মিলিয়ে ভোটার নিবন্ধনের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ।